৩০ তারিখ নির্ধারিত হবে দেশে একনায়কতন্ত্র থাকবে নাকি গণতন্ত্র: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ভোট বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে একনায়কতান্ত্রিক শাসন ব্যাবস্থা চলবে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তা নির্ধারিত হবে ৩০ তারিখে।

 

শনিবার বিকাল থেকে রাতে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ের ২৯ মাইল, সুখানপুকুরি ডি হাট, বড়গাঁও, আউলিয়াপুর ও দেবীপুরে বিভিন্ন নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত বলে মন্তব্য করে তিনি বলেন, নেতাকর্মীদের ভোট গণনা পর্যন্ত ভোট কেন্দ্রে থাকতে হবে।

প্রশাসনকে একপাক্ষিক না থাকার হুশিয়ারি দিয়ে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ ভাইয়েরা সন্ত্রাস থেকে সরে আসুন, প্রশাসন দলকানা থাকলে সেটার পরিণতি ভালো হবে না।

ফখরুল আরও বলেন, গত ২১ ডিসেম্বর ঠাকুরগাঁওয়ের এক হিন্দু বাড়িতে আগুন লেগেছে শর্ট সার্কিটের ফলে যা পত্রিকায় দেখেছি। কিন্তু এসে শুনতেছি ওই ঘটনায় আমাদের নেতাকর্মীদের নামে মামলা করা হয়েছে। এটা তো ঠিক নয়। আমাদের ঠাকুরগাঁওয়ে বিএনপির এমন কোন নেতা নেই যে এই ধরনের কাজ করবে। প্রশাসনকে বলি আপনার এই আগুনের সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় নিয়ে আসুন। একতরফা হয়ে কোন কাজ করবেন না আপনারা। সরকার যতোই চেষ্টা করুক পুলিশ র‌্যাব দিয়ে জনগনকে ভয় দেখিয়ে নির্বাচন থেকে দূরে রাখতে। কিন্তু জনগনই তা পূরণ হতে দিবে না। ৩০ তারিখে ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিয়ে আসবে এটাই সকলের কাছে প্রত্যাশা।