ভাঙ্গুড়ায় আ.লীগের নির্বাচনি অফিসে ককটেল নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ





পাবনাপাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী লীগের নির্বাচনি অফিসে ককটেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার (২২ ডিসেম্বর) ত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘পৌর সদরের হাজী জামালউদ্দিন ডিগ্রি কলেজের পূর্ব পাশে পৌর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচনি অফিসে আলোচনা সভা চলছিল। হঠাৎ করেই শরৎনগর বাজারের ভিতর থেকে দ্রুতবেগে মোটরসাইকেলে কয়েকজন এসে আমাদের অফিস লক্ষ্য করে ২টি ও সামনে এগিয়ে গিয়ে আরও ২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। একই সময় ২০-২৫ জন মুখ বাঁধা লোকজন লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা চালিয়ে মারধর শুরু করে। মারপিটে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক রানা, কর্মী সোহেল হোসেনসহ কয়েকজন আহত হয়। তাদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ হামলার পেছনে স্থানীয় বিএনপি-জামায়াত জড়িত।’
এ অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল হিরোক বলেন, ‘এসব আওয়ামী লীগের সাজানো নাটক। নিজেরাই ঘটিয়ে তার দোষ বিএনপির ঘাড়ে চাপানোর অপচেষ্টা করছে।’
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, আওয়ামী লীগের নির্বাচনি অফিসে হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।