বঙ্গবন্ধু সেতুর পশ্চিম টোল প্লাজায় সার্ভারের বিপর্যয়ের কারণে কয়েক ঘণ্টা টোল কার্যক্রম বন্ধ ছিল। এক পর্যায়ে ম্যানুয়াল পদ্ধতিতে টোল সংগ্রহ করে যানবাহনগুলোকে সেতু পার করানো হয়।
রবিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে সার্ভার বিপর্যয়ের ঘটনা ঘটে। এরপর থেকেই ভোগান্তি শুরু হয়। পরে যাত্রীদের তোপের মুখে এবং সেতু দুই থানা পুলিশের অনুরোধে সেতু কর্তৃপক্ষ ম্যানুয়াল পদ্ধতিতে যানবাহন পারাপার করেন। দুপুরে ১২ টা ৫০ মিনিটে সার্ভারের সম্যসার সমাধান হলে পরে ধীরে ধীরে অবস্থা স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, আমি গত ৮ মাসে এ ধরনের সমস্যায় পড়িনি। ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত পশ্চিম টোল প্লাজায় সার্ভার বিভ্রাটের কারণে টোল কার্যক্রন হটাৎ বন্ধ হওয়ায় এই ধরনের সমস্যা হয়েছে। সেতু দুপাড়ে শত শত যানবাহন আটক পড়ে। আমরাও সেসব নিয়ন্ত্রণ করতে হিমসিম খাই। যাত্রীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে সেতু কর্তৃপক্ষ বাধ্য হয়ে ম্যানুয়াল পদ্ধতিতে যানবাহন পারাপার করেন।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)-এর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ পাভেল বলেন, ‘সার্ভার সমস্যার কারণে এ ধরনের সমস্যা হলেও দুপুর ১২ টা ৫০ মিনিটে অবস্থা স্বভাবিক হয়। এটি মূলত যান্ত্রিক ত্রুটি। এটি ইচ্ছকৃত নয়।’
বিবিএ-এর নিরাপত্তা ও টোল ম্যানেজার লে. কমোডর (অব.) মাহফুজুর রহমান বলেন, ‘সেতুর দুপাড়ের পুলিশ, ট্রাফিক বিভাগ ও সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর লোকজনও দুপাড়ের যানবাহনের চাপ নিয়ন্ত্রণে মাঠে নামেন। দুপুর দেড়টার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।’