গাজীপুরে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৩৮ হাজার পিস ইয়াবা ও বিদেশি বিয়ার উদ্ধার করেছে র্যাব-১ এর সদস্যরা। এসময় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার রাতে মহানগরের ঈশ্বরদা গ্রামে ও রবিবার সকালে কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।
রবিবার (২৩ ডিসেম্বর) র্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানি ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার ঈশ্বরদা গ্রামের সাইফুল ইসলামের বাড়ির সামনের রাস্তায় কয়েকজন মাদক ব্যবসায়ী শনিবার রাতে অবস্থান করছিল এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল সেখানে অভিযান চালায়। র্যাব সদস্যরা অভিযানকালে মোটরসাইকেল আরোহী জুনায়েদকে (২৭) একটি ট্রাভেল ব্যাগসহ আটক করে। এসময় তার কাছ থেকে ৩৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৩ লাখ টাকা। সে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারোদোলা এলাকার আসহাব মিয়ার ছেলে। ইয়াবার ওই চালানটি ঢাকার জনৈক তুহিন ও সুফিয়াদের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল বলেও জুনায়েদ র্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
তিনি আরও জানান, রবিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার আমবাগ এলাকার ইব্রাহীম মিয়ার বাড়ির সামনে অভিযান চালিয়ে ২৪ ক্যান বিদেশি বিয়ারস দুইজনকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তিরা হলো- কোনাবাড়ী থানার আমবাগ এলাকার হারুন-অর রশীদের ছেলে মাসুম সিকদার (১৮) ও একই এলাকার শ্রী নিরঞ্জন চন্দ্র বর্মনের ছেলে শ্রী কার্তিক চন্দ্র বর্মন (১৯)।