বাসাইলে আওয়ামী লীগের নির্বাচনি অফিসে হামলার অভিযোগে মামলা, আটক ১

টাঙ্গাইল

টাঙ্গাইলের বাসাইলে নৌকা মার্কার প্রচারণার জন্য আওয়ামী লীগের নির্বাচনি অফিসে আগুন ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ৭০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই ঘটনায় রবিবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার কলিয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেনকে আটক করেছে পুলিশ।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) জাহাঙ্গীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার হাবলা ইউনিয়নের মটরা পূর্বপাড়া গ্রামে গত ২২ ডিসেম্বর রাত ৯টার দিকে নৌকা মার্কার নির্বাচনি অফিসে আগুন, ককটেল বিস্ফোরণ ও আওয়ামী লীগের কয়েকজন সমর্থককে মারধর করে ঐক্যফ্রন্ট সমর্থক নেতাকর্মীরা। এই ঘটনায় হাবলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল বাদী হয়ে রবিবার (২৩ ডিসেম্বর) রাতে বাসাইল থানায় মামলা দায়ের করেন। এই মামলায় উপজেলার বিভিন্ন এলাকার ঐক্যফ্রন্ট সমর্থক ৭০ জন নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নৌকা মার্কার নির্বাচনি অফিসে আগুন, ককটেল বিস্ফোরণ ও সমর্থকদের মারধরের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।’