বর্তমানে দেশে বহু টেকনিক্যাল জনবলের প্রয়োজন : নৌ সচিব

234

বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং দেশে পরিণত হয়েছে বলে দাবি করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ। তিনি বলেন, ‘আগে বাংলাদেশ ছিল কৃষিপ্রধান দেশ। কিন্তু বর্তমানে বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং দেশে পরিণত হয়েছে। বর্তমানে দেশে বহু টেকনিক্যাল জনবলের প্রয়োজন। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে টেকনিক্যাল লোকের অভাবে বিদেশ থেকে উচ্চ বেতন দিয়ে লোক আনতে হয়।’

সোমবার (২৪ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় অবস্থিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর আওতাধীন ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্রের (ডিইপিটিসি) মেরিন ইন্টার্নদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন ডিইপিটিসি এর অধ্যক্ষ  ক্যাপ্টেন মো. শাজাহান।

ডিইপিটিসির অধ্যক্ষ ক্যাপ্টেন মো. শাজাহান জানান, ডেক ও ইঞ্জিনকর্মী প্রশিক্ষণ কেন্দ্র থেকে এবছর ডেক বিভাগে ৪৮ জন ও ইঞ্জিন বিভাগে ৩০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছে। এই ৭৮ জন বরিশাল, মাদারীপুর ও নারায়ণগঞ্জের ডেক ও ইঞ্জিনকর্মী প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী। এখন পর্যন্ত ডেক ও ইঞ্জিনকর্মী প্রশিক্ষণ কেন্দ্র থেকে ২ হাজার ৭৪৬ জন ক্যাডেট প্রশিক্ষণ নিয়েছে, যারা সবাই বর্তমানে দেশে ও বিদেশে কর্মরত রয়েছে। এছাড়াও নৌ পথকে দুর্ঘটনা মুক্ত করার লোককে ১৫ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।