নিজ নির্বাচনি আসনের ভোটারদের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন সাবেক ডাকসু ভিপি এবং ঐক্যফ্রন্ট থেকে মৌলভীবাজার-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান মনসুর আহমেদ। চিঠিতে তিনি লিখেছেন, ‘আমি যখন এমপি ছিলাম একটি মূহূর্তের জন্য ঘূর্ণাক্ষরেও আমি প্রতিপক্ষ দলের নেতাকর্মীদের দমনের চিন্তা করি নাই। আমি দেখেছি কুলাউড়ার মান মর্যাদা। আমি দেখেছি কুলাউড়াবাসীর ঐক্য ও গৌরব। ছলে বলে কৌশলে প্রতিপক্ষ দমনের কৌশল কখনও রাজনীতির হাতিয়ার হতে পারে না, তা মানুষের মধ্যে ঘৃণা ও হিংসার বিষবাষ্প ছড়ায়, যা একটি সমাজের মানবিক মূল্যবোধকে ধ্বংস করে দেয়।’
স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের উদ্দেশে নিবেদন করে লেখা এই চিঠিতে তিনি আরও লিখেছেন, ‘আজ কুলাউড়ার নির্বাচনি মাঠে প্রতিটি দলের প্রার্থী, নেতাকর্মী, সংগঠক, সমর্থক, ভোটার, কুলাউড়ার সাধারণ জনগণ ও প্রশাসনের উদ্দেশে আমার আকুল আবেদন- আসুন আমরা স্বাধীনভাবে প্রত্যেকের নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাই এবং কুলাউড়ার আবহমান কালের চিরায়ত সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করি। এরই সঙ্গে যারা বিনা অপরাধে ছলে বলে কৌশলে ঘৃণ্যকর পরিস্থিতি সৃষ্টি করে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর সাজানো মিথ্যা মামলা-হুলিয়া জারির পাঁয়তারা করছেন তাদের প্রত্যাখ্যান ও প্রতিরোধ করি।’
সোমবার (২৪ ডিসেম্বর) স্থানীয়রা জানান, এই চিঠি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দলীয় নেতাকর্মীরা লিফলেট আকারেও স্থানীয়দের মধ্যে বিলি করছেন এই চিঠির কপি।
এ ব্যাপারে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা জানান, কুলাউড়ায় ধানের শীষের গণজোয়ার দেখে তা প্রতিহত করতে নৌকার সমর্থনে সরকারি দলের নেতাকর্মীরা একের পর এক মিথ্যা মামলা দিয়ে ধানের শীষের নেতাকর্মী ও সমর্থকদের নাজেহাল করছেন। তারা এই নির্বাচনি আসনের বিভিন্ন ইউনিয়নে নিজেরা নিজেদের অফিস জ্বালিয়ে কিংবা ভাঙচুর করে আমাদের নেতাকর্মী ও সর্মথকদের ওপর মিথ্যা ও সাজানো মামলা দিচ্ছেন। এখনও মামলা হামলার ভয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে আমাদের নেতাকর্মীদের। আমরা এই নির্বাচনি এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রশাসনের নিরপেক্ষ হস্তক্ষেপ ও ভূমিকা প্রত্যাশা করছি।