নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি পারভেজ আহমেদকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চাষাঢ়া নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে তাকে আটক করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী। তিনি বলেন, ‘বিএনপি নেতা পারভেজ আহমেদ আমার নির্বাচনের সমন্বয়কের কাজ করছিলেন। আমার জানা মতে তার বিরুদ্ধে কোনও মামলা নেই। ফতুল্লার ভুইঘরে রূপায়ন টাউনের সামনে আওয়ামী লীগ নেতা শাহ নিজাম লোকজন নিয়ে আমাকে হত্যার হুমকি দেয় ও নারায়ণগঞ্জ ছেড়ে চলে যাওয়া জন্য ভয় দেখায়। বিষয়টি নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। এ নিয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করি। এরপর নিচে নেমে এলে আগে থেকে অবস্থান করা ফতুল্লা থানা পুলিশ তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়।’
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের জানান, আমাদের কাছে তথ্য রয়েছে বিএনপি নেতা পারভেজ আহমেদ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন মাদ্রাসায় গিয়ে গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় নামিয়ে এনে নাশকতার পরিকল্পনা করছিলেন। এজন্য তাকে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।