মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারবো গোলচত্বরে আয়োজিত এক পথসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। নেতাকর্মীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভোট দেবেন কিসে?’ এ সময় নেতাকর্মীরা বলেন ‘ধানের শীষে’। তিনি বেশ কয়েকবার এভাবে নেতাকর্মীদের নিয়ে স্লোগান দেন। মির্জা ফখরুল রূপগঞ্জ এক আসনে বিএনপির প্রার্থী কাজী মনিরুজ্জামান মনিরকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ‘ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করুন।’
এ সময় মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, রূপগঞ্জ আসনে বিএনপির প্রার্থী কাজী মনিরুজ্জামান মনির, তারাবো পৌরসভা বিএনপির সভাপতি নাসির উদ্দিনসহ বিএনপির ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিএনপির প্রার্থী কাজী মনিরুজ্জামান মনির জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভুলতা ও কাঞ্চন সেতুর সামনে আরও দুটি পথসভায় বক্তব্য রাখেন।
বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার বলেন, ‘১০ বছর অনেক অত্যাচার সহ্য করেছি। কিন্তু আর সহ্য করা হবে না। আগামী ৩০ ডিসেম্বর ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। আর তা যদি আমরা না পারি তবে আমাদের ওপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যাবে। আমাদের বাংলাদেশ ছাড়তে হবে। এজন্য এই সরকারের হাত থেকে মুক্তি পেতে হলে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।’
বিএনপির প্রার্থী কাজী মনিরুজ্জামান মনির বলেন, ‘আজ সবাইকে মনে করতে হবে সবাই ধানের শীষ প্রতীকের প্রার্থী। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ৩০ ডিসেম্বর ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।’