সাতক্ষীরা আ.লীগের নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগ ও বোমা হামলাসাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগের নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পাটকেলাঘাটা ওভারব্রিজের পাশে অবস্থিত আওয়ামী লীগের নির্বাচনি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু বলেন, ‘রাতে দলীয় নেতাকর্মীরা নির্বাচনি কার্যালয় থেকে বাড়ি চলে গেলে কে বা কারা এসে একাধিক বোমা বিস্ফোরণ ঘটায়। এসময় নির্বাচনি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।’
ওসি রেজাউল ইসলাম বলেন, ‘রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তা বোঝা যায়নি। জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।’