ঝালকাঠির রাজাপুরে আওয়ামী লীগের নির্বাচনি কেন্দ্রে অগ্নিসংযোগের অভিযোগ

123456

ঝালকাঠির রাজাপুরে আওয়ামী লীগের একটি নির্বাচনি প্রচারকেন্দ্রে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, সোমবার রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চারাখালি গ্রামের নির্বাচনি প্রচারকেন্দ্রে এবং বড়ইয়া ইউনিয়ন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সহসভাপতি আকবর তালুকদারের বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা নৌকা প্রতীকের নির্বাচনি কার্যালয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আগুনে টেলিভিশন, চেয়ার-টেবিলসহ আবসাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে একই রাতে একই উপজেলার বড়ইয়া ইউনিয়নের বড়ইয়া গ্রামে আওয়ামী লীগ কর্মী আকবর তালুকদারের ঘরেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে সেখানে ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন প্রতিবেশীরা।

বড়লিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ‘রাতের আঁধারে কে বা কারা আগুন দিয়েছে। কাউকে চিহ্নিত করা যায়নি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।’

এ ব্যাপারে রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন বলেন, ‘এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ উভয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’