পথে পথে মাশরাফির জন্য অপেক্ষা ভোটার ও ভক্তদের

পথে পথে মাশরাফির জন্য অপেক্ষা ভোটার ও ভক্তদেরনড়াইল-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্য পথে পথে অপেক্ষা করতে দেখা যাচ্ছে ভোটার ও ভক্তদের। প্রিয় অধিনায়ক ও নেতাকে এক নজর দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা এই অপেক্ষা তাদের। মানুষের ভিড়ে ভোটার-সমর্থকদের মাশরাফির সঙ্গে কুশল বিনিময়, গলায় মালা পরানো, সেলফি তোলা অনেকটাই কঠিন হয়ে পড়েছে। তবে মাশরাফিকে সরাসরি দেখতে পেয়েই তারা আত্মতৃপ্তি নিয়ে বাড়ি ফিরছেন।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) মাশরাফি বিন মুর্তজা নির্ধারিত ১৪টি পথসভা ও বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। রাতেও তার গণসংযোগ চলছে বলে জানান মাশরাফির সফরসঙ্গী নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী বশিরুল হক।পথে পথে মাশরাফির জন্য অপেক্ষা ভোটার ও ভক্তদের

আজ সকাল সাড়ে ১০টার দিকে বাসার সামনে উপস্থিত শত শত নেতাকর্মী ও ভক্তদের শুভেচ্ছা জানিয়ে মাশরাফি দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনি মাঠে বেরিয়ে পড়েন।  এদিন প্রথমেই তিনি সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের কামাল প্রতাপ গ্রামে যান। সেখানে তিনি ল্যাংটাশাহ্ এর মাজারে যান এবং মাজার জিয়ারত করেন। এসময় দলীয় সংক্ষিপ্ত পথসভা ও গণসংযোগ শেষে চলে যান লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ঝিকড়া মোড়ে। এখানে পথসভায় বক্তব্য শেষে মাশরাফি আমাদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় অবহেলিত নড়াইল জেলার উন্নয়নের স্বার্থে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান শিকদার রুনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুর আমীর লিটু, আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ মো. আল ফয়সাল খান, ইতনা ইউপির সাবেক চেয়ারম্যান সিহানুক রহমান প্রমুখ।পথে পথে মাশরাফির জন্য অপেক্ষা ভোটার ও ভক্তদের

এরপর মাশরাফি বয়রা গ্রামে আয়োজিত পথসভায় বক্তব্য দেন এবং গণসংযোগ চালান। এছাড়াও তিনি সারোল বউ বাজার, তালবাড়িয়া বাজার, কুমড়ি বাজার, লুটিয়া বাজার, মাইগ্রাম, বড়দিয়া বাজার, দিঘলিয়া, কোটাকোল লঞ্চঘাট, পাচুড়িয়াহাট, ঘাঘা লঞ্চঘাট, পারমল্লিকপুরসহ বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন।

এদিকে বিভিন্ন এলাকায়  মাশরাফি বিন মুর্তজাকে এক নজর দেখার জন্য শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী  শত শত নারী পুরুষকে ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আমাদা সড়কের পদ্মবিলা, শালবরাত, ঝিকড়া, কুচিয়াবাড়ি, আমাদা, বয়রা, দিঘলিয়াসহ বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে ও  বাজারে মাশরাফির পোস্টার  ও লিফলেট নিয়ে দাঁড়িয়ে অসংখ্য ভোটার ও ভক্তদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেকে হাতে ফুলের মালা নিয়ে  দাঁড়িয়ে ছিলেন প্রিয় নেতাকে পরিয়ে দেওয়ার জন্য।পথে পথে মাশরাফির জন্য অপেক্ষা ভোটার ও ভক্তদের

ঝিকড়া গ্রামের কিশোরী রাবেয়া জানায়, ‘খেলার সময় মাশরাফিকে টিভিতে দেখেছি। আজ আমাদের এই রাস্তা দিয়ে যাবে। তাই সরাসরি দেখার জন্য দাঁড়িয়ে আছি।’

আমাদা গ্রামের আসলাম হোসেন বলেন, ‘মাশরাফিকে ভোট দেবো। তবে তাকে একনজর সরাসরি দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি।’

রিনা বেগম নামে এক ভোটার বলেন, ‘ভোট দেওয়ার আগে তাকে দেখার খুব ইচ্ছা ছিল।’

লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিকদার আব্দুল হান্নান বলেন, ‘মাশরাফির গণসংযোগকালে মানুষের ঢল নামছে। এতো ভিড়ে গণসংযোগ চালানো কষ্টসাধ্য হয়ে পড়ছে। তবে দলীয় নেতাকর্মী ও প্রশাসনের সহযোগিতায় কর্মসূচি অব্যাহত আছে।’