শুধু খ্রিস্টের নয়, সকলের জন্মদিন পালন করল শিশুপল্লী প্লাস

বড়দিন উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে শিশুপল্লী প্লাসের সুবিধাভোগী প্রায় ৪শ’ শিশুসহ সকলকে জন্মদিনের উপহার দেওয়া হয়গাজীপুরের শ্রীপুরে শিশুপল্লী প্লাস চত্বরে বড়দিন উপলক্ষে শুধুমাত্র যিশুখ্রিস্টের জন্মদিন নয়, এ দিনে ব্যতিক্রমী আয়োজন হিসেবে এখানকার সকলের জন্মদিন পালিত হয়। এদিন বড়দিন উপলক্ষে ৪শ’ শিশু ও ১শ’ ৫০ জন মা’সহ এক হাজার মানুষের জাঁকজমকপূর্ণ জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী শিশুপল্লী প্লাসের সুবিধাভোগী প্রায় ৪শ’ শিশুসহ সকলকে জন্মদিনের উপহার প্রদান করা হয়।

শিশুপল্লী প্লাসের প্রতিষ্ঠাতা এবং ওভারসিজ ডিরেক্টর প্যাট্রিসিয়া অ্যান ভিভিয়ান কার ও তার স্বামী শিশুপল্লী প্লাসের ট্রাস্টি বোর্ডের সদস্য ডেরেক রবার্ট পালমার সকলকে জন্মদিনের উপহার প্রদান করেন। শিশুপল্লী রঙবেরঙের কাগজ, সুতা, ফিতাসহ বর্ণিল সাজে সজ্জিত করা হয়।  এ উপলক্ষে শিশুপল্লী প্লাস চত্বরে ক্রিকেট এবং ফুটবলসহ নানা ধরনের খেলার আয়োজন করা হয়।

শিশুপল্লী প্লাসের প্রতিষ্ঠাতা এবং ওভারসিজ ডিরেক্টর প্যাট্রিসিয়া অ্যান ভিভিয়ান কার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যিশুখ্রিস্টের জন্মদিন উদযাপন তথা বড়দিনের উৎসব শুধুমাত্র কোনও জাতি-গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। এ উৎসব সকল মানুষের মধ্যে বিস্তৃত। বড়দিনের উৎসব পালন উপলক্ষে সকলের জন্মদিন পালিত হয়েছে।’

প্যাট্রিসিয়া এন ভিভিয়ান কারের স্বামী ডেরেক রবার্ট পালমার বলেন, ‘বড়দিনের উৎসব অসাম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষতার পরিচয় বহন করে। আর এ পরিচয়কে প্রতিষ্ঠা করতে আজকের এই দিনটিতে সকলের জন্মদিন পালিত হয়েছে।’

বড়দিন উপলক্ষে শিশুপল্লী প্লাসের সকল শিশুকে সুসজ্জিত করা হয়। এ উৎসবে পুরস্কার পাওয়া শিশু তন্ময়, সোহানা, সুস্মিতা জানায়, বড়দিনের উৎসবে টেডি বিয়ারসহ নানা ধরনের খেলনা উপহার সামগ্রী হিসেবে পেয়ে তারা খুবই আনন্দিত।

এ উৎসবে অতিথি শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আক্তার হোসেন জানান, ব্যতিক্রমধর্মী এরকম একটি অনুষ্ঠান সকল ধর্ম, বর্ণ ও মতের মানুষকে মানবিক মূল্যবোধের জায়গায় একত্রিত করতে সক্ষম হয়েছে।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি ও শ্রীপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ও শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আকন্দ।

প্রসঙ্গত, শিশুপল্লী প্লাস নামক এই প্রতিষ্ঠানটি ১৯৮৯ সালের ৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়।