দেশের চলমান উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সব ভেদাভেদ ভুলে নৌকার হয়ে কাজ করার জন্য নেতার্কমীদের আহ্বান জানিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপি। তিনি বলেন, ‘নৌকায় ভোট দিলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আওয়ামী লীগ আগামীতে সরকার গঠন করলে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হবে। সাধারণ মানুষরে জীবনযাত্রার উন্নয়ন হবে। দেশের এই চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। আমি সবার কাছে ভোট চাই।’
বুধবার (২৭ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরার নলতা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ মাঠের নির্বাচনি সভায় এসব কথা বলেছেন তিনি।
এসময় তিনি বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর সারাদিন, নৌকায় ভোট দিন। আমি সাতক্ষীরার উন্নয়ন দেবো, সমৃদ্ধ জীবন দেবো। ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত এলাকা গড়ে তুলবো। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমার নির্বাচিত এলাকাসহ সমগ্র সাতক্ষীরায় অনেক উন্নয়ন হয়েছে। দেবহাটা, কালিগঞ্জ ও আশাশুনির অনেক এলাকায় শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। ব্রিজ, রাস্তাঘাট, স্কুল-কলেজের ভবনসহ অবকাঠামো করা হয়েছে। ২০২১ সালের মধ্যে শতভাগ বিদ্যুতের আওতায় এনে আলোয় আলোকিত করা হবে এই অঞ্চল। আওয়ামী লীগ যদি আবার সরকার গঠন করতে পারে তাহলে যশোরের নাভারন থেকে সাতক্ষীরার শ্যামনগর পর্যন্ত রেল লাইনের কাজ সম্পন্ন করা হবে।’