নারায়ণগঞ্জে সেলিম ওসমানের প্রতীক বিভ্রাট!

নারায়ণগঞ্জ-৫ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী সেলিম ওসমানের ব্যানার

নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী একেএম সেলিম ওসমান। মহাজোট থেকে এই আসনে লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনি। তবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে সেলিম ওসমানের প্রতীক নৌকা। আবার দল হিসেবে তাকে দেখানো হচ্ছে জেপি (জাতীয় পার্টি-মঞ্জু)। অথচ তার দল এইচ এম এরশাদের জাতীয় পার্টি।

এ নিয়ে জানতে চাওয়া হয় নারায়ণগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বীণার কাছে। তিনি জানান, ‘নারায়ণগঞ্জ সদর আসনের জন্য যে ব্যালট, সেখানে সেলিম ওসমানের প্রতীক লাঙলই ছাপানো হয়েছে।’

ইসির ওয়েবসাইটে দেখানো হয়েছে সেলিম ওসমানের প্রতীক নৌকা

নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার সমন্বয়কারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার জানান, ‘নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেলিম ওসমানের হলফনামার পাশে যে নৌকা প্রতীক দেখানো হচ্ছে— তা ভুল। তার প্রতীক মূলত লাঙল। আর তার দল জাপা (জাতীয় পার্টি), জেপি নয়। এটা অনিচ্ছাকৃত ভুল। এজন্য নির্বাচনে কোনও প্রভাব পড়বে না।’

দল, মহাজোট আর নির্বাচন কমিশন থেকে একেএম সেলিম ওসমান লাঙল প্রতীকই বরাদ্দ পেয়েছেন। পোস্টার, ব্যানার, ফেস্টুন, মাইকিংসহ সব প্রচারণায় তিনি লাঙল প্রতীক ব্যবহার করেছেন। ভোটাররাও তাকে মহাজোটের প্রার্থী বলেই জানেন। এ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এসএম আকরাম। সেলিম ওসমানের  লাঙল প্রতীকের সঙ্গে ধানের শীষ প্রতীকের ভোটযুদ্ধ হবে ৩০ ডিসেম্বর।

সেলিম ওসমানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের বলেন, ‘নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভুল-ভ্রান্তি থাকতে পারে। তবে বিষয়টি আমাদের জানা নাই।’