বৈঠক শেষে মজিবর রহমান সরওয়ার সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানতে এবং তার প্রচারণা শেষে ফেরার পথে স্পিডবোট থেকে এক কর্মীকে আটক করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সম্পর্কে মার্কিন প্রতিনিধিরা জানতে চেয়েছেন। এছাড়া গত কয়েক দিনে আমার প্রচারণায় নানাভাবে বাধার সৃষ্টি, গণগ্রেফতার, বিগত সিটি করপোরেশন নির্বাচনের মতো ক্ষমতাসীনদের ভোট কারচুপির প্রস্তুতি এবং ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে না যেতে ক্ষমতাসীনদের হুমকির বিষয়ে তাদের অবহিত করা হয়েছে।’
প্রতিনিধি দলের টিম লিডার জেসন গিলপিন সাংবাদিকদের বলেন, ‘আমরা নির্বাচন পর্যবেক্ষণ করতে বরিশাল এসেছি। পর্যবেক্ষণ শেষে আমরা চলে যাবো।’ তবে এ বিষয়ে আর কোনও মন্তব্য করতে রাজি হননি।
প্রসঙ্গত, ২৬ ডিসেম্বর বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন বাজারে গণসংযোগ করে ফেরার পথে বিশ্বাসের হাট এলাকায় মজিবর রহমান সরওয়ারের স্পিডবোটের গতিরোধ করে বিএনপিকর্মী আইনজীবী মো. পলাশকে আটক করে পুলিশ। আটক পলাশকে ছাড়িয়ে রাখতে টানা হ্যাঁচড়া করেন সরওয়ার। তবে শেষ রক্ষা হয়নি। পলাশকে শেষ পর্যন্ত নিয়ে যায় সাদা পোশাকধারী পুলিশ। এ ভিডিওটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।