মানিকগঞ্জে ৪৮৩ ভোটকেন্দ্রের ২০৬টি ঝুঁকিপূর্ণ

মানিকগঞ্জ

মানিকগঞ্জের ৩ আসনে ৪৮৩ ভোটকেন্দ্রের মধ্যে ২০৬টিকে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলা পুলিশ সূত্র এ তথ্য জানিয়েছে।

জেলা পুলিশের বিশেষ (ডিএসবি) শাখার দেওয়া তথ্য অনুযায়ী, দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ-১ আসনে মোট কেন্দ্র ১৬৫টি। দৌলতপুরে ৫৭টি, ঘিওরে ৫৩টি এবং শিবালয়ে ৫৫টি কেন্দ্র রয়েছে। এই আসনে ৭৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে।

সিঙ্গাইর ও হরিরামপুর উপজেলা এবং জেলা সদরের তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত মানিকগঞ্জ-২ আসনে মোট ভোটকেন্দ্র ১৮৫টি। সিঙ্গাইর উপজেলায় ৯৭টি, হরিরামপুর উপজেলায় ৬২টি এবং জেলা সদরের তিনটি ইউনিয়নে ২৬টি কেন্দ্র রয়েছে। এই আসনে ৭২টিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়েছে।

সাটুরিয়া উপজেলা এবং জেলা সদরের সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত মানিকগঞ্জ-৩ আসনে মোট ভোটকেন্দ্র ১৩৩টি। এর মধ্যে সাটুরিয়ায় ৫৭টি এবং জেলা সদরের সাতটি ইউনিয়নে ৭৬টি কেন্দ্র রয়েছে। এই আসনে মোট ৫৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র।