নিখোঁজ দম্পতি হলেন লিটন দেবনাথ (৩৬) এবং তার স্ত্রী লাভলী দেবনাথ (১৮)। তারা ব্রাহ্মণবাড়িয়া শহরের গগন সাহাবাড়ী রোডে হীরা লাল রায়ের বাসায় ভাড়াটিয়া হিসবে বসবাস করতেন।
নিখোঁজ লিটনের ছোটভাই রিপন দেবনাথ জানান, ‘সিলেটের বিশ্বনাথ এলাকায় আমার বড়ভাইয়ের কিরন জুয়েলার্স নামে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখান থেকে তিনি প্রতি সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া আসতেন। ব্রাহ্মণবাড়িয়া বাসায় তার স্ত্রী লাভলী দেবনাথ সহ আমাদের পরিবারের অন্যান্য সদস্যরা থাকেন। গত ৩০ ডিসেম্বর নির্বাচনের চার দিন আগে আমার বড় ভাই ব্রাহ্মণবাড়িয়ার বাসায় আসেন। বাসায় অবস্থান শেষে গত ৩১ ডিসেম্বর স্ত্রীকে নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে সিলেট বিশ্বনাথ এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশে রওনা হন। এর পর থেকে তাদের দুজনের মোবাইল ফোনই বন্ধ পাওয়া যাচ্ছে। সিলেটের বিশ্বনাথ এলাকা এবং বড় ভাইয়ের শ্বশুরবাড়ি সুমামগঞ্জসহ অনেক জায়গায় খোঁজাখুজি করার পরও কোনও সন্ধান পাওয়া যায়নি।’
দুই জন নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে বুধবার ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন নিখোঁজ লিটনের ছোটভাই রিপন দেবনাথ।
জিডির তদন্তকারী কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক সুমন দেবনাথ জানান, ‘অভিযোগ পাওয়ার পর তাদের সন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। আশা করা যাচ্ছে দুই একদিনের মধ্যে এ ব্যাপারে আপডেট তথ্য দেওয়া সম্ভব হবে।’