নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নের চর মধ্য বাগ্যা গ্রামে গৃহবধূ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে দুই জন। পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (৭ জানুয়ারি) তিনি জানান, গতকাল গ্রেফতার ৩ আসামির মধ্যে সালাউদ্দিন এবং আবুল আজ বিকালে ২ নং আমলি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া মুরাদের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তবে তার বিষয়ে কোনও আদেশ দেননি ২ নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহ।
এর আগে রবিবার (৬ জানুয়ারি) এজাহারভুক্ত ৭ আসামির প্রত্যেকের ৭ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহ প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল রিমান্ড নেওয়া ৭ আসামি হলো- মূল ইন্ধনদাতা রুহুল আমিন, মূল হোতা হাসান আলী রুলু, প্রধান আসামি সোহেল, স্বপন, বাদশা আালম ওরফে বাসু ওরফে কুড়াইল্যা বাসু, বেচু ও জসিম।
এ নিয়ে এই মামলায় এজাহারভুক্ত ৬ জন (বাদশা আালম ওরফে বাসু ওরফে কুড়াইল্যা বাসু, স্বপন, বেচু, সোহেল, সালাউদ্দিন ও আবুল) এবং জড়িত সন্দেহে ৪ জনকে (মূল ইন্ধনদাতা রুহুল আমিন, মূল হোতা হাসান আলী রুলু, জসিম ও মুরাদ) গ্রেফতার করা হয়েছে।
পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের জানান, সোমবার দুপুরে আটক মুরাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। রিমান্ড আবেদন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। এছাড়া বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।