মো. আজাদ কবির জানান, সোমবার রাত ৮টার দিকে পশুর নদীতে করমজল ও চিলা মোবাইল টিমের যৌথ টহলকালে একটি নৌকার গতিবিধি সন্দেহ হয়। এ সময় নৌকাটিকে চ্যালেঞ্জ করা হলে পশুর নদীর পাড়ে চিলা বাজার সংলগ্ন দক্ষিণ কানাইনগর এলাকায় নদীর চরে ওই নৌকাটি ফেলে রেখে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যায়। পরে ওই ডিঙ্গি নৌকায় তল্লাশি চালিয়ে দুইটি প্লাস্টিকের বস্তায় থাকা ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। নৌকাটি জব্দ করার পাশাপাশি নৌকা ফেলে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে। কৌশলগত কারণে চোরাকারবারিদের নাম প্রকাশ করা হচ্ছে না বলে জানান তিনি।