চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জচাঁপাইনবাবগঞ্জ শহরের কল্যাণপুর মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন,  গোমস্তাপুর উপজেলার কয়লাদিয়াড় এলাকার জালাল উদ্দিনের ছেলে মিজানুর রহমান পলাশ (৩০) ও একই উপজেলার কলেজপাড়া এলাকার সালাউদ্দিনের ছেলে মশিউর রহমান পপেল (৩২)।

এসআই গোলাম মোস্তফা জানান, ‘গোমস্তাপুর থেকে জেলা শহরে মোটরসাইকেলের ড্রাইভিং পরীক্ষা দিতে আসার পথে শহরের কল্যাণপুর হর্টিকালচার সেন্টার এলাকায় ঘাতক ট্রাকটিকে ওভারটেক করার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তবে  পলাতক রয়েছে ঘাতক ট্রাক চালক।   এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।