আড়াই ঘণ্টা পর ঘোড়াশালে ট্রেন চলাচল স্বাভাবিক

আড়াই ঘণ্টা পর ঘোড়াশালে ট্রেন চলাচল স্বাভাবিকনরসিংদীর ঘোড়াশালে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে প্রায় আড়াই ঘন্টা রেল সংযোগ বন্ধ ছিল। বুধবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ইঞ্জিন বিকল হওয়ার পর থেকে ঢাকাগামী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে ইঞ্জিন এনে বিকাল ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

এর আগে ঢাকাগামী চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের সব ট্রেনের চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।  নরসিংদী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার এটিএম মুসা এ তথ্য নিশ্চিত করেছেন।

সহকারী স্টেশন মাস্টার জানান, ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী থেকে দুপুর ১টার দিকে ঢাকার দিকে ছেড়ে যায়। ট্রেনটি পলাশ উপজেলার টান ঘোড়াশাল ও ঘোড়াশাল ফ্ল্যাগ রেল স্টেশনের মাঝামাঝি স্থানে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে করে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের সব ট্রেনের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ট্রেনের ইঞ্জিনটি চালু করার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে ইঞ্জিন এনে বিকাল ৪টায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।