হিলিতে ২ বাংলাদেশিকে গ্রেফতার করেছে বিজিবি

গ্রেফতারদিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় ভারতীয় রুপিসহ দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় হিলি সীমান্তের রেলওয়ে স্টেশনের পাশের এলাকা থেকে তাদের গ্রেফতার করে বিজিবি।

গ্রেফতারকৃতরা হলো, ফেনী জেলার পরশুরাম থানার উত্তর রাজশপুর গ্রামের মৃত সিরাজুল করিমের ছেলে জীবন হোসেন (২৮), ঢাকা জেলার শ্যামপুর থানার পোস্তগোলা এলাকার ইসকান্দার মাদবারের ছেলে ইমন হোসেন (২৪)।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার হাবিলদার মাহতাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার সন্ধ্যায় হিলি সীমান্তের বিজিবির ৬ নম্বর পোস্টের রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে প্রাচীর টপকিয়ে ওই দুই যুবক ভারত থেকে অবৈধপথে দেশে প্রবেশ করলে কর্তব্যরত বিজিবি সদস্যরা তাদের গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ভারতীয় ৯৬০ রুপি উদ্ধার করা হয়। এসময় তারা ভারত থেকে দেশে প্রবেশের জন্য পাসপোর্টসহ বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি । পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে রাতেই তাদের হাকিমপুর সোপর্দ করা হয়েছে।