খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা) সমর্থিত যুব সমিতি রামগড় উপজেলা শাখার সদস্য মোহন ত্রিপুরা নিহত হয়েছেন। সোমবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় রামগড় উপজেলার জগন্নাথ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রামগড়ের জগন্নাথ পাড়ার বাসিন্দা প্রদেশ ত্রিপুরার বাড়িতে বসে আড্ডা দিচ্ছিলেন নিহত মোহন ত্রিপুরা। রাত সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা বাড়ির ভেতর ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। তলপেটে গুলি লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এই ঘটনার জন্য ইউপিডিএফ-প্রসীত গ্রুপকে দায়ী করে জনসংহতি সমিতি এমএন লারমা গ্রুপের কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুধাকর ত্রিপুরা বলেন, ‘রামগড়ের জগন্নাথ পাড়া এলাকায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের আধিপত্য রয়েছে। যুব সমিতি রামগড় শাখার সদস্য মোহন ত্রিপুরার তারাই হত্যা করেছে।’
তবে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ প্রসীত গ্রুপের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নিরণ চাকমা বলেন, ‘নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ইউপিডিএফ এর ভাবমূর্তি নষ্ট করতে তারা দোষারোপ করছে।’