৫ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

চট্টগ্রামটেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রির সময় পাঁচ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার রোহিঙ্গা যুবকের নাম মো. শাকের (২৪)। তিনি উখিয়ার বালুখালী শরণার্থী ক্যাম্পে থাকেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (চট্টগ্রাম মেট্রো) উপ-পরিচালক শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শামীম আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানহাট ডিটি রোড থেকে শাকেরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে টিস্যু ও স্কচটেপ মোড়ানো দুটি প্যাকেটে আড়াই হাজার করে মোট পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

ওই রোহিঙ্গা যুবক সকালে টেকনাফ থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসে বলে তিনি জানান।