মিয়ানমার ও চীনের সঙ্গে রেলওয়ে কানেক্টিভিটি গড়ে তোলা হবে: রেলমন্ত্রী

সভায় অন্যদের মধ্যে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন (ছবি– প্রতিনিধি)

 

বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত ছাড়াও মিয়ানমার ও চীনের সঙ্গে রেলওয়ে কানেক্টিভিটি গড়ে তোলা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বুধবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান।

নূরুল ইসলাম সুজন বলেন, ‘প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ২০৩০ সাল পর্যন্ত রেলওয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত ছাড়াও মিয়ানমার ও চীনের সঙ্গে রেলওয়ে কানেক্টিভিটি গড়ে তোলা হবে।’

তিনি আরও বলেন, ‘পঞ্চগড় থেকে বাংলাবান্ধা এবং চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি, কক্সবাজার থেকে মিয়ানমার ও চীন পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হবে। যাত্রীসেবার মান বাড়াতে রেলওয়েতে হাইস্পিড ট্রেন চালুর প্রকল্পও গ্রহণ করা হয়েছে, যা অচিরেই চালু হবে।’

তিনি বলেন, ‘সরকার রেলওয়ে যোগাযোগকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে। প্রত্যেক জেলার সঙ্গে রেলের সংযোগ হবে, উত্তরবঙ্গের জন্য আলাদা রেলব্রিজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।’

রেলমন্ত্রী বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে তাদের আবার কিসের অধিকার, কিসের গণতন্ত্র? বিশ্বের কোনও দেশেই স্বাধীনতাবিরোধীদের কোনও অধিকার থাকে না; রাজনৈতিক অধিকার থাকে না, গণতন্ত্রের অধিকার থাকে না, সম্পদের অধিকার থাকে না। আমরা তাদের (স্বাধীনতাবিরোধী) থাকতে দিয়েছি, তাদের চিকিৎসা, পড়ালেখার সুযোগ দিয়েছি। তারা আবার কিসের গণতন্ত্র চায়? সময় এসেছে, তাদের এই দেশের মাটিতে কোনোভাবেই দাঁড়াতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশের মাটিতে যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিতর্কিত করে –এমন রাজনীতি করার অধিকার নেই কারও। মুক্তিযুদ্ধকে বিগত দিনে যারা বিতর্কিত করেছে, তার সঠিক ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। রাজাকারদেরও চিহ্নিত করতে হবে, যারা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’

পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের জেনারেল ম্যানেজার মিজানুর রহমান, পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউস সুন্নাহ, পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম, বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ উপস্থিত ছিলেন।

রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম নিজের জেলায় ভ্রমণ করছেন নূরুল ইসলাম সুজন। পঞ্চগড় রেলস্টেশন পরিদর্শনসহ আগামী কয়েকদিন নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এদিকে, স্বাধীনতার পরে আওয়ামী লীগ থেকে প্রথম মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় জেলা আওয়ামী লীগসহ সব অঙ্গসংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।