সরকারি দুই বিভাগের কর্মচারীদের মধ্যে সংঘর্ষ: ফায়ার সার্ভিসের চারজনকে প্রত্যাহার

বরিশালবরিশালে রেশন দেওয়াকে কেন্দ্র করে ফায়ার সার্ভিস ও খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসারসহ চারজনকে তাদের নিজ নিজ দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার দুপুরে তাদের প্রত্যাহার করা হয়।

তারা হলেন, বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন, ফায়ারম্যান জামাল হোসেন, শাহিন হাওলাদার ও আলতাফ হোসেন।

এদিকে এ ঘটনায় গঠিত পৃথক তিনটি তদন্ত কমিটির মধ্যে ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসনের তদন্ত এরইমধ্যে শেষ হয়েছে। খাদ্য বিভাগের তদন্ত এখনও চলছে।

অন্যদিকে নগরীর বান্দ রোডের সদর উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে ওই সংঘর্ষের ঘটনায় উভয় দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে সমঝোতা করিয়ে দেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সভাকক্ষে উভয় দফতরের কর্মকর্তাদের নিয়ে সমঝোতা সভায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে খাদ্য বিভাগের বিরুদ্ধে প্রতিমাসে রেশনের মালামাল কম দেওয়ার অভিযোগ করা হয়। সভায় জেলা প্রশাসক রেশনের মালামাল কম দেওয়ার বিষয়ে কঠোর হওয়াসহ ওই সংঘর্ষের ঘটনায় যারাই জড়িত তাদের আইনের আওতায় আনার ঘোষণা দেন।

রেশনের মাল দিতে বিলম্ব হওয়াকে কেন্দ্র করে গত ২১ জানুয়ারি বিকেল পৌঁনে ৩টায় নগরীর বান্দ রোডের সদর উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে খাদ্য বিভাগের কর্মচারীদের সঙ্গে ফায়ার সার্ভিস কর্মীদের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষে ৫ জন আহত হয়। ভাঙচুর করা হয় সদর উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়।