‘জামায়াতকে নিষিদ্ধের পাশাপাশি এর নেতাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে’

বক্তব্য রাখছেন আ ক ম মোজাম্মেল হক (ছবি– প্রতিনিধি)

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘জামায়াতকে নিষিদ্ধের পাশাপাশি এর নেতাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। শুধু তাই নয়, তাদের (জামায়াত নেতা) ছেলে-মেয়েরা যাতে সরকারি চাকরি না পায়, সেজন্য আইনও প্রণয়ন করতে হবে।’

বুধবার (২৩ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এখন থেকে মুক্তিযোদ্ধাদের দাফন-কাফনে নগদ ১০ হাজার টাকা দেওয়া হবে। কেউ দূরবর্তী স্থানে মৃত্যুবরণ করলে তার জন্য ৪০ হাজার টাকা দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের সব মুক্তিযোদ্ধাকে আবাসন প্রকল্পের আওতায় আনা হবে। ইতোমধ্যে ১০ শতাংশ অস্বচ্ছল মুক্তিযোদ্ধোকে গৃহনির্মাণ বাবদ ১৫ লাখ টাকা করে দেওয়া হচ্ছে।’

আসন্ন উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নৌকার বিজয় না হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘পাকিস্তানের দালালেরা সেদেশে চলে যাও। বাংলাদেশে তোমাদের স্থান নেই।’

আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষ শান্তিতে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে বিশ্বে নজির স্থাপন করেছেন।’

জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ সভায় আরও বক্তব্য রাখেন– সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক, সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগললু হায়দার, জেলা আওয়মী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু প্রমুখ।