বান্দরবান শহরের লাল ব্রিজ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।
মৃত ব্যক্তি হলেন আরাভি ইসলাম (২২)। তিনি কুষ্টিয়ার মিরপুরের পুরাতন ভোলবাড়িয়া এলাকার মো. হানিফের ছেলে।
পুলিশ জানায়, আজ (বৃহস্পতিবার) দুপুরে জেলা শহরের বৈদ্যুতিক সঞ্চালন লাইনে তার টানার সময় হঠাৎ বিদ্যুৎ চালু হলে তারে জড়িয়ে আরাভির মৃত্যু হয়। এসময় আরও একজন আহত হন, তবে তার নাম জানা যায়নি। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠান।
ওসি শহিদুল ইসলাম বলেন, মৃত আরাভি ইসলামের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।