গাজীপুরে গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার

লাশ উদ্ধার

গাজীপুরে অসুস্থ বাবাকে দেখতে আসা এক গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে বাড়ির পেছনে পা বাঁধা অবস্থায় তার বস্তাবন্দি লাশ পাওয়া যায়।  

নিহত গৃহবধূর নাম সাবিনা আক্তার (৪২)। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী এলাকার ইউসুফ আলীর স্ত্রী এবং কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের তিলশুনিয়া এলাকার মমতাজ উদ্দিন ফরাজীর মেয়ে।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে জানান,বাবার অসুস্থতার খবর পেয়ে গত রবিবার স্বামীর বাড়ি থেকে কাপাসিয়ায় আসেন দুই সন্তানের মা সাবিনা আক্তার (৪২)। বুধবার বিকাল থেকে তিনি নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে স্বজনরা ময়লা ফেলতে গিয়ে বাড়ির পেছনে পরনের শাড়ি দিয়ে পা বাঁধা অবস্থায় প্লাস্টিকের বস্তায় বন্দি সাবিনার লাশ দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, শক্রতার জেরে তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ বাড়ির পেছনে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।