শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী ফ্লাইওভারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে এসে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপির নির্বাচনে আসা না আসা তাদের সিদ্ধান্তের ব্যাপার। তবে একটা দল নির্বাচনে অংশগ্রহণ না করার যে পরিণতি সেটা তাদের অচিরেই ভোগ করতে হবে। কারণ, এতে তারা আরও নতুন নতুন সংকটে পতিত হবে। এ দেশে মুসলিম লীগও একটা বড় দল ছিল। বিএনপিও মুসলিম লীগের পরিণতির দিকে যাচ্ছে কিনা! মনে হয় বিএনপি নির্বাচন বয়কটের মধ্য দিয়ে নিজেদের আরও সংকুচিত করার পথ, সর্বনাশা পথ ও আত্মঘাতী পথ বেছে নিয়েছে। তাদের অনুরোধ করবো নির্বাচনে অংশগ্রহণ করার জন্য।’
তিনি আরও বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা নির্বাচন, ঢাকা উত্তর সিটি ও উপনির্বাচন আছে। সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর কারণে যে আসনটি শূন্য রয়েছে সেটি এবং অন্য উপনির্বাচন, সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জন্য বিএনপিসহ সব রাজনৈতিক নিবন্ধিত দলকে আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করছি।’