নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে অতিরিক্ত মাদক সেবনে আকিবুল হাসান আকিব (২২) ও মো. আশিক (২০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) তারা মারা যান।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া ঈদগাহ সংলগ্ন আমিনুল হকের মেয়ে আরমিন হক ও পাইনাদী মতিন ব্রিজ এলাকার ওমর আলীর ছেলে তোফায়েল হোসেনের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান হয়। ওইদিন রাতে মিজমিজি ঈদগাহ সংলগ্ন কনের বাড়িতে অতিরিক্ত মাদক সেবনে তিন যুবক অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে আকিব ও আশিক মারা যান। একই ঘটনায় অন্য একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, ‘শুনেছি বিয়ার পান করে তারা অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছিল। এ ঘটনায় দুজন মারা যায়।’
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান বলেন, ‘আকিব ও আশিক নামে দু যুবক শুক্রবার ভোর ৬টায় ঢাকার হলি ফ্যামিলি হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। দশ মিনিট পর তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
এলাকাবাসী জানায়, বর-কনের উভয়ের বাড়িতে বুধবার রাতে পৃথক গায়ে হলুদ অনুষ্ঠানে রাতভর গান-বাজনার পাশাপাশি উভয় বাড়িতে চলে মাদক সেবনের আসর। গভীর রাত পর্যন্ত আতসবাজিও ফুটানো হয়।