অনেক বড় বড় দলকে এখন হারিকেন জ্বালিয়ে খুঁজতে হয়: গণপূর্তমন্ত্রী

গোপালগঞ্জে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমগৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘ভুল রাজনীতির কারণে বাংলাদেশে অনেক বড় বড় রাজনৈতিক দলকে এখন হারিকেন জ্বালিয়ে খুঁজতে হয়। বিএনপি এতো ভ্রান্ত রাজনীতি করেছে এবং আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে যে এখন ভাড়ায় তাদের নেতা এনে দল চালাতে হচ্ছে।’ আজ শনিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় গোপালগঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমাধি‌তে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপির প্রধান খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত, দ্বিতীয় প্রধান তারেক জিয়া দণ্ডপ্রাপ্ত, ভাড়া করে ড. কামাল হোসেনকে নিয়ে আসা হয়েছে। তিনিও নির্বাচন করেননি। মানুষ তো বিএনপিকে প্রত্যাখান করেছে। বিএনপি তাদের বিপর্যয়ের অবস্থা বুঝতে পেরেই নির্বাচনে আসছে না।’

আগামী নির্বাচনগুলোতে বিএনপি’র নির্বাচনে না আসার ঘোষণা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা কাউকে আমন্ত্রণ করে বাড়ি থেকে নিয়ে আসবো না। জনগণের মতামতের ভিত্তিতে তাদের যোগ্যতা আছে কি না, তা প্রমাণ করার দায়িত্ব বিএনপির। তারা নির্বাচনে অংশগ্রহণ করলে প্রমাণিত হবে বিএনপিকে মানুষ চায় কী চায় না।’গোপালগঞ্জে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম

মন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনে সবচেয়ে বড় অঙ্গীকার ছিল গ্রামের মানুষকে নগরের সুযোগ দেওয়া। তাই শহরের মানুষের মতো গ্রামের মানুষকে সব ধরণের সেবামূলক সুযোগসুবিধা দিতে আমরা কাজ করছি। কোনও একজন মানুষ ক্ষুধার্ত থাকবে না। বস্ত্রবিহীন থাকবে না, রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত থাকবে না।’

দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স উল্লেখ করে তিনি বলেন, ‘কোনোভাবে কোনও অনিয়ম-দুর্নীতি বরদাস্ত করা হবে না, সে কর্মচারী বা কর্মকর্তা যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।’

এর আগে তি‌নি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ, ফা‌তেহা পাঠ ও বি‌শেষ মোনাজা‌তে অংশ নেন। 

এ সময় গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, পিএন্ডডি’র নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হালিম, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মির্জা শিবলী মাহমুদ, উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/ম) মো. অলীদুল ইসলাম খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেনসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।