শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে ইউএনও আবদুল করিম এবং ওসি সাজ্জাদ হোসেনের কাছে এই স্মারকলিপি দেন বুড়িমারী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক তাহাজুল ইসলাম মিঠু ও যুগ্ম আহ্বায়ক শাহীনুর আলম শাহীনসহ ব্যবসায়ীরা।
ইউএনও আবদুল করিম স্মারকলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চাঁদাবাজি বন্ধের দাবিনামা পেয়েছি। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।'
বুড়িমারী স্থলবন্দর ব্যবহারকারী সিঅ্যান্ডএফ এজেন্ট ও বুড়িমারী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক তাহাজুল ইসলাম মিঠু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি বন্ধে কঠোর অবস্থানের কথা বলেছেন। অথচ বুড়িমারী স্থলবন্দরের ট্রাক-ট্যাংক-লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নামে প্রতি মাসে ৪-৫ কোটি টাকার প্রকাশ্য চাঁদাবাজি করা হচ্ছে। চাঁদাবাজিতে বিএনপি-জামায়াতের নাশকতা মামলার এজাহারভুক্ত আসামিরাও জড়িত। অথচ আওয়ামী লীগের ওপর এই দোষ এসে পড়ছে। এজন্য আন্দোলন-কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২৮ জানুয়ারি বিকাল ৩টায় বুড়িমারী স্থলবন্দরে বিক্ষোভ মিছিল করা হবে। ২৯ জানুয়ারি সকাল ৮টা থেকে চাঁদাবাজি বন্ধ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বুড়িমারী স্থলবন্দরের মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।'
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’
বুড়িমারী ট্রাক-ট্যাংক-লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আওলাদ হোসেন বলেন, ‘বিষয়টি সুরাহা করার জন্য স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন ও আমাদের শ্রমিক নেতা সিরাজুল হকের সঙ্গে যোগাযোগ চলছে। তারা যেভাবে সমাধান করে দেবেন, আমরা তা মেনে নেব।’