কালিয়ায় ইজিবাইক-নসিমন সংঘর্ষে নিহত ১, আহত ২

নড়াইল

নড়াইলের কালিয়ায় ইজিবাইক ও নসিমনের সংঘর্ষে ইস্রাফিল সরদার নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার মুলশ্রী নামক স্থানে কালিয়া-গোপালগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির এ খবর নিশ্চিত করেন।

নিহত ইস্রাফিল নড়াগাতি থানার মুলশ্রী গ্রামের মোসলেম সরদারের ছেলে। আহত দুই জনের মধ্যে ইজিবাইকচালক আলমগীরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ জানায়, আজ (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে ইস্রাফিল সরদার নসিমন চালিয়ে চাপাইল ব্রিজঘাট থেকে কালিয়ার দিকে যাচ্ছিলেন। মুলশ্রীতে পৌঁছালে তার নসিমনের সঙ্গে একটি যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইস্রাফিল ঘটনাস্থলেই মারা যান।

ওসি মো. আলমগীর কবির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।