ডাকসু নির্বাচনে বিজয়ী হবেন সাধারণ শিক্ষার্থীরা: ঢাবি ছাত্রলীগ জিএস

সাদ্দাম হোসেনঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক (জিএস) সাদ্দাম হোসেন বলেছেন, ‘ডাকসু নির্বাচনে বিজয়ী হওয়া ছাত্রলীগের মুখ্য বিষয় নয়। আমাদের মুখ্য দাবি, সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। একই সঙ্গে এ দায়িত্ব অন্য সব ছাত্র সংগঠনেরও। এটি আমাদের সম্মিলিত দায়িত্ব। ডাকসু নির্বাচনে কেউ পরাজিত হবে না, বিজয়ী হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী।’

বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘ডাকসু নির্বাচন: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন।  মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকালে বাংলা ট্রিবিউন কার্যালয়ে এ বৈঠকির সঞ্চালনা করেন সাংবাদিক মুন্নী সাহা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে এটিএন নিউজ।

বৈঠকিতে সাদ্দাম হোসেন বলেন, ‘ডাকসু নির্বাচন ২৮ বছর যাবৎ হয়নি এটা ঠিক, কিন্তু তার আগে নিয়মিত হয়েছে তাও কিন্তু নয়। আদালতের রায়কে আমরা স্বাগত জানাই।’

তিনি বলেন, ‘আগের ডাকসু নির্বাচনের ভোট হয়েছে হলগুলোতে। ডান-বাম কখনও কখনও এক হয়ে যায় স্বার্থের কারণে। হল সংসদ নির্বাচন সাধারণ ছাত্রদের অধিকার। হলগুলোতে শিক্ষার্থীদের আধিপত্য রয়েছে। সেক্ষেত্রে ছাত্রলীগ যদি জনপ্রিয় হয়, সেটি কি অপরাধ।

‘ছাত্র সংগ্রাম পরিষদের অন্তর্ভুক্ত আটটি সংগঠন ঐক্যবদ্ধ রয়েছে, যারা ডাকসু নির্বাচন, হল সংসদ নির্বাচন অবশ্যই হলকেন্দ্রিক হতে হবে এই দাবিতে। এটি নিয়ে মতদ্বৈধতার সুযোগ আছে বলে আমরা মনে করছি না।  অধিকাংশ ছাত্র নেতা কী মনে করছেন তার চেয়ে বড় বিষয় অধিকাংশ শিক্ষার্থী কী মনে করছেন।  আমি খোলাখুলি বলছি, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন যে দলেরই হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো। ১০০ জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো, ১০ শতাংশ সমর্থনও যদি তারা পায়, তবে তাদের দাবি আমরা মেনে নেবো।’

অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন– আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আল মেহেদী তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. কাবেরী গায়েন ও বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম।