হয়রানিমূলক বদলি বাতিলের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

মানববন্ধনে শিক্ষক সমাজের প্রতিনিধিরাবরিশালে রেহানা আক্তার নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার বদলির আদেশ প্রত্যাহার ও সব ধরনের হয়রানিমূলক বদলি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে প্রাথমিক শিক্ষকদের সংগঠন শিক্ষক সমাজ। নগরীর আছমত আলী খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাতৃত্বকালীন ছুটিতে থাকা ওই শিক্ষিকাকে হয়রানিমূলক বদলি করা হয়েছে বলে অভিযোগ করে শিক্ষক সমাজ।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকালে নগরীর টাউন হল চত্বরে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক মতিউর রহমান।

এ সময় বক্তৃতা করেন– বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি জহিরুল ইসলাম জাফর, শিক্ষক আবুল কালাম আজাদ, আয়শা আক্তার, রফিকুল ইসলাম, গোলাম মোস্তফা কামাল, কেএম সাব্বিরসহ অন্যরা।

বক্তারা বলেন, আগামী রবিবারের মধ্যে শিক্ষক সমাজের দাবি মেনে নেওয়া না হলে শিক্ষা অফিস ঘেরাও করাসহ কঠোর আন্দোলনে যাওয়া হবে।

মানববন্ধনে বরিশাল সদর উপজেলা ও মহানগরের ২০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন। এর পূর্বে একই দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভাগীয় কার্যালয় ঘেরাও করেন শিক্ষকরা।