হেরোইনসহ নারী ইউপি সদস্য আটক

বাছিরন নেছাটাঙ্গাইলের সখীপুরে হেরোইনসহ বাছিরন নেছা (৪০) নামে এক নারী ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা এলাকা থেকে তাকে আটক করা হয়। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাছিরন নেছা ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য এবং সানোয়ার হোসেনের স্ত্রী।

ওসি আমির হোসেন বলেন, ওই নারী ইউপি সদস্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন তথ্যের ভিত্তিতে ১৫ পুরিয়া হেরোইনসহ তাকে আটক করা হয়। তিনি একাধিক মাদক মামলার আসামি। এ ঘটনায় এসআই ওমর ফারুক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাছিরন নেছার স্বামী সানোয়ার হোসেনও মাদক মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছেন বলেও তিনি জানান।