টাঙ্গাইলের ভূঞাপুরে এসএসসি পরীক্ষায় খাতা হলের বাইরে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার নিকরাইল পলশিয়া রানী দীনমনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে। খাতা বাইরে নেয়ার ঘটনায় দায়িত্বপ্রাপ্ত তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ বহিরাগত এক নারীকে আটক করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ এ তথ্যটি নিশ্চিত করেছেন।
দায়িত্ব থেকে অব্যাহতিপ্রাপ্তরা হলেন, উপজেলার নিকলা দড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল জলিল, মমতাজ ফকির উচ্চ বিদ্যালয়ের রুহুল আমীন ও উত্তম কুমার মদক।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার নিকরাইল পলশিয়া রানী দীনমনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার পরই হলে দায়িত্বরত শিক্ষক আব্দুল জলিল অনুমতি ছাড়া কয়েকটি বাড়তি খাতা নেন। এরপর তার সহযোগিতায় খাতা বাইরে আনা হয়। তবে পরে খাতাসহ বহিরাগত এক নারীকে আটক করা হয়।
ঘটনাটি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শাহিনুর ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, পরীক্ষার খাতা বাইরে নেওয়ার ঘটনায় দায়িত্বপ্রাপ্ত তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বহিরাগত এক নারীকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।