পাবনার ঈশ্বরদী থেকে চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস জালিয়াতি চক্রের দুই সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হচ্ছে জেলার ঈশ্বরদী উপজেলার কৈকুন্ডা গ্রামের নিহাদ মালিথা ও রিপন আলী।
পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, নিহাদ দশম শ্রেণির এবং রপন একাদশ শ্রেণির ছাত্র। তারা পরস্পর বন্ধু এবং প্রতারণা সিন্ডিকেটের সদস্য। এক মাস আগে থেকে তারা প্রতারণার মাধ্যমে সিম কার্ড ব্যবহার করে ফেসবুক ও বিকাশ অ্যাকাউন্ট তৈরি করে ব্লাক টাইগার নামের একটি পেজে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র পেয়েছে বলে পোস্ট করে। পরীক্ষার্থীরা এ পোস্ট দেখে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা প্রশ্নপত্র দেওয়া কথা বলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের একটি দল গত রাত ২ টার দিকে ঈশ্বরদী উপজেলার কৈকুন্ডা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যথাযথ প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।