টেকনাফে ৫ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩

আটক ৩ জন (ছবি– প্রতিনিধি)

কক্সবাজারের টেকনাফে একহাজার পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে র‍্যাব। শনিবার (৯ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কলেজ পাড়া সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়। র‍্যাব-৭ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব এ খবর নিশ্চিত করেন।

আটক তিন জন হলেন– টেকনাফ সদরের নাজির পাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে নূরুল আলম (৩৫), টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকায় মো. কাশেমের ছেলে মো. আলম পারভেজ (২৫) ও আলিয়াবাদ এলাকার নজির আহমদের ছেলে রাশেদুল ইসলাম (১৮)।

মির্জা শাহেদ মাহতাব বলেন, ‘কিছু ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে– এমন এক খবর পেয়ে আজ (শনিবার) ভোরে কলেজ পাড়া সড়ক এলাকার শফিকের বাড়ির সামনে থেকে তিন জনকে আটক করা হয়। এসময় তাদের কাছে একহাজার পিস ইয়াবা পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।’ আটক তিন জনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হবে বলেও জানান র‍্যাব।