ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে অসাধু মৎস্য ব্যাবসায়ীদের দেওয়া অবৈধ দেড় কিলোমিটার বাঁধ অপসারণ করা হয়েছে। বাঁধ অবসারণের বিষয়টি শনিবার নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা।
তিনি বলেন, ‘নদীতে আড়াআড়িভাবে দেওয়া বাঁধের আংশিক জাল ও বাঁশ কেটে দেওয়া হয়েছে। বাঁধটি অনেক বড় হওয়ায় নিজ খরচে সরিয়ে ফেলার জন্য মালিকদের তিন দিনের সময় বেধে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জাটকা নিধন বন্ধে গত বৃহস্পতিবার ও শুক্রবার এ অভিযান পরিচালনা হয়েছে। এ সময় অবৈধভাবে বাঁশ ও জাল ব্যবহার করে জাটকা ধরায় পাঁচ জেলেকে জরিমানা করা হয়েছে।’
জানা যায়, ওই সময় জেলেদের কাছ থেকে ২৭ হাজার মিটার কারেন্ট জাল ও ৭০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের ৩ জনকে ৫ হাজার টাকা করে ও দুইজনকে দুই হাজার করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত জরিমানার মোট উনিশ হাজার টাকা আদায়ের পর আটক জেলেদের ছেড়ে দেয়। জব্দ মাছগুলো স্থানীয় দুটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। পাশাপাশি কারেন্টজালগুলো উপজেলার গোপালপুর ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা মালিক তানভীর হোসেন।