সাভারে এক নবদম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে হেমায়েতপুরের হরিণধারা এলাকায় ভাড়া বাসার একটি রুম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা চারদিন আগে বিয়ে করেছিলেন বলে জানান স্থানীয়রা। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) অখিল সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুজন হলেন রুমি আক্তার (১৮) ও তার স্বামী মোহাম্মদ আলী (১৯)। তাদের দুজনের বাড়ি সিরাজগঞ্জে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রুমি সাভারের হরিণধারা এলাকায় ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। চারদিন আগে রুমি মোহাম্মদ আলীকে বিয়ে করেন। এরপর তারা ওই বাড়িতেই একসঙ্গে বসবাস শুরু করেন। সোমবার বিকালে নিজ কক্ষের সিলিং ফ্যানে একটি রশির সঙ্গে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) অখিল সাহা বলেন, ‘তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।’