ডোমারে ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের দণ্ড

নীলফামারী

নীলফামারীর ডোমারে এক ছাত্রীকে উত্যক্ত করায় সুজিত দাস (২৬) নামের এক যুবককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডোমার বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা এ দণ্ড দেন। ডোমার থানার ওসি মো. মোকছেদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত সুজিত উপজেলার সদর ইউনিয়নের ছোট রাউতা দাসপাড়া গ্রামের নিশি কান্ত রায়ের ছেলে।

ডোমার থানার এসআই মাসুদার রহমান জানান, ডোমার সরকারি বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীকে সুজিত উত্যক্ত করে আসছিল। এ নিয়ে মেয়েটির মা বাদী হয়ে আজ (সোমবার) সকালে থানায় অভিযোগ দায়ের করেন। পরে ডোমার বাজার সোনালী ব্যাংক সংলগ্ন এলাকা থেকে সুজিতকে আটক করা হয়। সন্ধ্যায় ভ্র্যাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

ওসি মোকছেদ আলী বলেন, ‘আজ মঙ্গলবার সকালে আসামি সুজিতকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’