রাজশাহীতে বাসের ধাক্কায় ও ট্রেনে কাটা পড়ে নিহত ২

রাজশাহীরাজশাহীতে বাসের ধাক্কায় ও ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন। এরা হলেন গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর এলাকার লোকমান হোসেন (৫৪) ও নগরীর মহিষবাথান উত্তরপাড়া এলাকার সেলিনা বেগম (৫৫)।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ‘মঙ্গলবার বেলা ১১টার দিকে দুর্ঘটনায় নিহত লোকমান হোসেন বাসা থেকে বের হয়ে বাইসাইকেল চালিয়ে তার নিজস্ব জমিতে যাচ্ছিলেন। গোদাগাড়ী উপজেলার সিঅ্যান্ডবি এলাকায় রাস্তা অতিক্রম করার সময় ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলসের একটি বাস লোকমানকে ধাক্কা দেয় পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ ইকবাল জানান, ‘মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে নগরীর মহিষবাথান উত্তরপাড়া এলাকা দিয়ে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে সেলিনার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত সেলিনা গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। পারিবারিক কলহের জেরে তিনি বাড়ি থেকে বের হয়ে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’