সাতক্ষীরার সাত উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৮৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন রয়েছেন।
দিনভর বৃষ্টি ও হালকা ঝড়ো হাওয়ার মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে তারা মনোনয়নপত্র জমা দেন। বেশিরভাগ প্রার্থী তাদের সমর্থকদের নিয়ে উপজেলা সদরে নির্বাহী অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন। আর বেশ কয়েক জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন জেলা সদরে।
মনোনয়ন জমাদানকারীদের মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতের প্রার্থী রয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন শ্যামনগরে উপজেলা বিএনপির সম্পাদক। এ ছাড়া, আশাশুনিতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তৃতীয় লিঙ্গের একজন।
সাতক্ষীরা সদরে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু (আওয়ামী মনোনীত) মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন। এ ছাড়া, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তামিম আহমেদ সোহাগ, মো. আক্তার হোসেন, মিজানুর রহমান, তানভির হুসাইন সুজন ও মো. শাহজাহান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন কোহিনুর ইসলাম, তহমিনা ইসলাম ও শাপলা বেগম।
তালা উপজেলায় বর্তমান চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার (আওয়ামী লীগ মনোনীত), এমএম ফজলুল হক ও প্রণব ঘোষ বাবলু চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সরদার মশিয়ার রহমান, মো. ইখতিয়ার হোসেন, মো. আবদুল জব্বার ও মো. আলিমুজ্জামান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন– জেবুন্নেসা খানম, মুর্শিদা পারভিন পাপড়ি, মুস্তারি সুলতানা পুতুল, শাকিলা ইসলাম জুঁই ও হোসনে আরা বেগম।
কলারোয়া উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন (আওয়ামী লীগ মনোনীত) ও আমিনুল ইসলাম লাল্টু মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া, ভাইস চেয়ারম্যান পদে মো. আরাফাত হোসেন, রবিউল আলম মল্লিক ও কাজী আসাদুজ্জামান শাহজাদা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আনোয়ার ময়না, শাহনাজ নাজনীন খুকু ও রোজিনা সুলতানা দুলালী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে শেখ আতাউর রহমান (আওয়ামী লীগ মনোনীত), সাঈদ মেহেদি ও শেখ মেহেদি হাসান মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে শেখ ইকবাল আলম বাবলু, ডিএম সিরাজুল ইসলাম, মো. আবদুল হাকিম, নাজমুল আহসান, আবদুল হামিদ, জনতার সাহেব ও গাজি জাহাঙ্গির কবির মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেবুন্নাহার জেবু, দিপালী রানী ঘোষ, আফসানা খাতুন ও ফারজানা বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আশাশুনি উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান এবিএম মোস্তাকিম (আওয়ামী লীগ মনোনীত) ও শহিদুল ইসলাম পিন্টু মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া, ভাইস চেয়ারম্যান পদে অসীম চক্রবর্তী, আবদুস সেলিম রেজা, রাশেদ সরোয়ার শেলী, মো. সাহেব আলি, অ্যাডভোকেট ফিরোজ হোসেন, মতিলাল সরকার ও মো. আক্তারুজ্জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের হেনা গাজি ছাড়াও মোসলেমা খাতুন, মজিদা বেগম ও পারভিন নাসিমা আক্তার শিল্পী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শ্যামনগর উপজেলায় চেয়ারম্যান পদে আতাউল হক দোলন (আওয়ামী লীগ মনোনীত), জিএম আজিবর রহমান, বিএনপির জিএম সাদিকুর রহমান সাদেম ও জিএম ওসমান গনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন জিএম কামরুজ্জামান, মো. শহিদুজ্জামান, মো. মিজানুর রহমান, মো. শাহজালাল ও স ম আবদুস সাত্তার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন নাদিজা সুলতানা, পাপিয়া হক ও নুরজাহান পারভিন।
এদিকে, দেবহাটা উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আবদুল গনি (আওয়ামী লীগ মনোনীত), অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাঈদ মাহফুজুর রহমান, মাহবুবুল আলম খোকন ও ওজিয়ার রহমান প্রার্থী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মিজানুর রহমান মিনু, মনিরুল ইসলাম মনি, আনিসুর রহমান বকুল, রিয়াজুল ইসলাম এবং হাবিবুর রহমান সবুজ প্রার্থী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আমেনা রহমান, আফরোজা পারভিন, জিএম স্পর্শ ও প্রিয়াংকা রাণী।