কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করায় দুই বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাটারি সীমান্তে তাদের গ্রেফতার করা হয়। লালমনিরহাট বিজিবি-১৫ ব্যাটালিয়নের বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার বাবুল চন্দ্র বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো, লালমনিরহাট জেলার তিস্তা ইউনিয়নের তিস্তা পূর্ব গ্রামের ছয়ফুল ইসলামের ছেলে সোহেল রানা (২৫) ও একই গ্রামের ছাইফুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (১৫)।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাটারি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩১ এর সাব পিলার ৭ এর পাশ দিয়ে দুই যুবক বাংলাদেশ থেকে ভারতীয় সীমান্তে অবৈধভাবে যাওয়ার চেষ্টা করে। এ সময় বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের গ্রেফতার করে।
নায়েক সুবেদার বাবুল চন্দ্র বড়ুয়া জানান, গ্রেফতার যুবকদের বিরুদ্ধে মামলা দায়ের করে ফুলবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।