‘রো‌হিঙ্গারা কোনোভা‌বেই ভোটার হ‌তে পার‌বে না’

বান্দরবানে ভোটার দিবসের র‍্যালিবান্দরবা‌নের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম ব‌লে‌ছেন, ‘আসন্ন উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নে রো‌হিঙ্গারা কোনোভা‌বেই ভোটার হ‌তে পার‌বে না। আর এ বিষ‌য়ে  প্রশাসন সব সময়ই সর্তক র‌য়ে‌ছে।’ আজ শুক্রবার (১ মার্চ) সকা‌লে জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে জাতীয় ভোটার দিবস উপল‌ক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

‘ভোটার হবো, ভোট দেবো’ এ স্লোগা‌নে গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলা প্রশাসক আরও বলেন, ‘উপ‌জেলা নির্বাচন‌কে সুষ্ঠু, নির‌পেক্ষ ও ‌নিরাপদ কর‌তে প্রশাসন কাজ কর‌ছে।’ এসময় তি‌নি সবাইকে বান্দরবা‌নে এক‌টি সুন্দর ভো‌টের প‌রি‌বেশ সৃ‌ষ্টির আহ্বান জানান।

এসময় পুলিশ সুপার ব‌লেন, ‘বান্দরবা‌নের প‌রি‌বেশ অন্যা‌ন্য জেলার চে‌য়ে অনেক শা‌ন্তিপূর্ণ। এখা‌নে অতী‌তে বড় ধর‌নের কোনও ঘটনা নেই। তারপরও পু‌লিশ সবসময়ই  সর্তক র‌য়ে‌ছে, যা‌তে ক‌রে ভ‌বিষ্য‌তেও কোনও ধর‌নের অপ্রী‌তিকর ঘটনা না ঘ‌টে।’বান্দরবানে ভোটার দিবসের আলোচনা সভা

এর আগে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা ও আলোচনা সভায় পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল ইসলাম, সিভিল সার্জন ডা. অং শৈ প্রু মারমা, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেনসহ জেলা প্রশাসন, নির্বাচন অফিস ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।