পলাশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান

সৈয়দ জাবেদ হোসেন, কারীউল্লাহ সরকার, সেলিনা আক্তারপলাশ উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা। তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ পলাশ উপজেলাসহ জেলার ৬টি উপজেলায় ভোট হওয়ার কথা। তবে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর পলাশ উপজেলায় তিনটি পদের বিপরীতে কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার পথে।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পলাশ উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন, ভাইস চেয়ারম্যান পদে পলাশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা আক্তার নির্বাচিত হচ্ছেন।

সহকারী রিটার্নিং অফিসার ও পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন জানান, 'চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এই তিনটি পদের বিপরীতে আর কোনও মনোনয়নপত্র জমা পড়েনি। তাই নির্বাচনি বিধি অনুসারে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। ভোটের দিন আনুষ্ঠানিকভাবে এই তিন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবে নির্বাচন কমিশন।'

বিনা ভোটে নির্বাচিত হতে যাওয়া চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন বলেন, ‘বর্তমান সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সাবেক সাংসদ কামরুল আশরাফ খান পোটন ও ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক শরীফের দিকনির্দেশনায় গত ৫ বছরে পলাশ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে পরিণত করে জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করেছি। যার কারণে আমার বিপরীতে কেউ প্রার্থী হতে ইচ্ছা পোষণ করেনি। সেদিক দিয়ে আমি অত্যন্ত ভাগ্যবান যে, আগামী ৫ বছরও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে কাজ করতে পারবো। অতীতের মত ভবিষ্যতেও আমি এলাকার উন্নয়ন ও মানুষের জন্য কাজ করে যাবো।’