‘প্রতিষ্ঠানের কবর রচনা করে মানুষ ভালো থাকতে পারে না’

বক্তব্য রাখছেন রফিকুল ইসলাম (ছবি– প্রতিনিধি)

নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, ‘নির্বাচন পরবর্তী সময় অনেক প্রশ্নের উত্তর ও বক্তব্যের মুখোমুখী হতে হচ্ছে। একপক্ষ বলেন, সুন্দর ভোটের কারণে দেশটাকে বাঁচিয়েছেন। আরেকপক্ষ বলেন, খুব চমৎকার নির্বাচন করেছেন। অন্য একদল বলেন, দেশে গণতন্ত্রের কবর রচনা করেছেন।’

তিনি আরও বলেন, ‘কোনও প্রতিষ্ঠানের কবর রচনা করে মানুষ ভালো থাকতে পারে না। তাই তৃণমূলে ছুটে এসেছি। কিছু একটা আছে; এই কিছু একটা থাকতে দেবো না উপজেলা পরিষদ নির্বাচনে।’

শনিবার (২ মার্চ) বিকালে নীলফামারীর ডিমলায় ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের সম্মেলনকক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, ‘দেশ ও বিদেশে কথাগুলো উঠছে; তাহলে তো কিছু একটা আছে, অবশ্যই কিছু একটা আছে। দেশে একটা প্রবাদ আছে, যাহা কিছু রটে, কিছু না কিছু বটে।’

ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘এবার উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণার কারণে সব সংসদ সদস্যদের এলাকা ছাড়া করেছি। কিছু একটা আছে –এটা বলার সুযোগ আর দিতে চাই না। নির্বাচন কমিশন আপনাদের পাশে থাকবে। কোনও অন্যায় কাজে আপনারা মাথা নত করবেন না।’

তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে কোনও অন্যায় কাজের বিষয়ে জানলে প্রতিহত করার চেষ্টা করা হতো। আপনারা অন্যায়ভাবে যাকে জনপ্রতিনিধি বানাবেন, তারা পরবর্তী সময়ে বড় কোনও অন্যায় কাজ করতে আপনাদের বাধ্য করবে; যার জন্য অন্যায় করবেন তারাই ঘাড়ে চেপে বসবে, আর অন্যায় করতে বাধ্য করাবে।’

এসময় উপস্থিত ছিলেন– রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম শাহাদাত উদ্দিন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার আশরাফ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, ওসি মফিজ উদ্দিন শেখ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবা আক্তার প্রমুখ। ডিমলায় উপজেলা পরিষদ নির্বাচনের ৬৭৫ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়।